বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিস্থিতি ও কার্যক্রম নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বিশেষ করে খেলোয়াড়দের দুর্ভোগ, বোর্ডের ভূমিকা এবং চলমান অস্থিরতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
একটি জাতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররাই।
তিনি বলেন, ‘আমি একটা জিনিস বুঝি এখানে ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা, অন্য কেউ না।কেউ খেলোয়াড়দের কষ্টটা বোঝার চেষ্টা করছে না। সবাই নিজেদের ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের একটা টুল হিসেবে ব্যবহার করছে।’
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে জটিলতা প্রসঙ্গেও হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, ক্লাব ও বোর্ডের দ্বন্দ্বে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিসিবি।
সাকিব বলেন, ‘কোনো ক্লাব যদি খেলতে না চায়, বিসিবি কী করবে? তারা ঠিকমতো ম্যানেজ করতে পারছে না এটা বিসিবির ব্যর্থতা। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে।’
বোর্ডের সঙ্গে নিজের যোগাযোগ নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, সরাসরি ব্যক্তিগতভাবে নয়, বরং প্রতিষ্ঠান হিসেবেই বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন।
এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে না, বিসিবি প্রতিষ্ঠান হিসেবে যোগাযোগ রাখছি। কে আছে বা কে আসবে, সেটা বিষয় না। আমি পদ অনুযায়ী যার সঙ্গে কথা বলা দরকার, তার সঙ্গেই কথা বলছি।’
আইনি জটিলতা নিরসনের ক্ষেত্রেও বিসিবির আরও সক্রিয় ভূমিকা থাকলে বিষয়গুলো দ্রুত সমাধান হতে পারত বলে মনে করেন সাকিব।
সাকিব যোগ করেন, ‘যদি আইনি বিষয়গুলো বিসিবির মাধ্যমে হতো, তাহলে হয়তো দ্রুত সমাধান সম্ভব ছিল।তবে যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়, তাই আমাকেই করতে হচ্ছে।’