বাংলাদেশের ক্রিকেটে প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন যুক্ত হলো অনুশীলনে। সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই আধুনিক যন্ত্রটি ব্যবহার করতে দেখা গেছে, যা স্পিন বোলিং মোকাবিলায় ব্যাটসম্যানদের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে।
এর আগে দেশে ব্যবহৃত বোলিং মেশিনগুলো মূলত পেস বোলিং কিংবা বাউন্সার সামলানোর অনুশীলনের জন্য ব্যবহৃত হতো। তবে এবার যুক্ত হওয়া স্পিন বোলিং মেশিনটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেবে ক্রিকেটারদের।আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের মেশিন বেশ জনপ্রিয়, যেখানে মানসম্মত স্পিনারের অভাব পূরণে এটি কার্যকর ভূমিকা রাখে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস মেশিনটি কেনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল৷ কিছুদিন আগেই অর্ডার করা হয়।মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’
মেশিনটির সক্ষমতা সম্পর্কে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়।
অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’
জানা গেছে, প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) সংগ্রহ করা হয়েছে এই আধুনিক স্পিন বোলিং মেশিনটি। যা ভবিষ্যতে ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।