জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র নির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। আমরা রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই।
রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কিছু ব্যক্তি বা দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, তা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটি আমাদের ১৬ বছরের লড়াইয়ের অঙ্গীকার।
মির্জা ফখরুল বলেন, অনেকেই প্রচারণা চালাচ্ছেন যে বিএনপি সংস্কার চায় না।অথচ আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া ২০১৬ সালেই ‘ভিশন ২০৩০’ এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। সুতরাং সংস্কারের রাজনীতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এলজিআরডি মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৪৭ দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে।
মা-বোনদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষক কার্ড চালুর প্রক্রিয়া চলছে। এমনকি ৫০০ জন খেলোয়াড়কে মাসিক ১ লাখ টাকা করে ভাতা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা ধনী দেশ হতে চাই না, আমরা একটি মানবিক দেশ হতে চাই। যেখানে প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে ও সাম্যের ভিত্তিতে বসবাস করবে। হিংসার পৃথিবীকে পেছনে ফেলে আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে জাতীয় সংসদের অধিবেশন চলায় বেশি সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের শুভেচ্ছা জানান।
এ সময় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিশিষ্ট নেতা সুশীল বড়ুয়াসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।