প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি মারা যান।
ঢাকাই সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।”
এ টি এম শামসুজ্জামানের মেয়ে কস্তুরীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন। সামাজিকমাধ্যমে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করছেন। কস্তুরীর মৃত্যুতে আবারও স্মৃতিচারণে উঠে আসছেন এই প্রিয় অভিনেতা, যিনি আজও দর্শকের হৃদয়ে অমলিন।
প্রসঙ্গত, অভিনেতা এটিএম শামসুজ্জামান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কর্মজীবনে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন।
ব্যক্তিজীবনে তার স্ত্রী ছিলেন রুনী জামান। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে মোট ছয়জন সন্তান।
তবে পারিবারিক জীবনে নানা দুঃখজনক ঘটনাও ছিল। বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবির ২০১২ সালে নিহত হন। ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে ২০২৩ সালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা।