দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। তাকে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এই ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সাকি বলেন, ‘রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার অংশ হিসেবে আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি। আমরা চাই সরকার ও দলের কার্যক্রম যেন স্বাধীনভাবে চলতে পারে।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান আছে। তবে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।’

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হলে জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।তবে দায়িত্ব গ্রহণের কিছুদিন পর তাকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়। বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্য নেতারা উপস্থিত ছিলেন। জোনায়েদ সাকি পদ ছাড়লেও দলের একজন সক্রিয় সদস্য হিসেবে নীতি-নির্ধারণী পর্যায়ে নিজের ভূমিকা অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS