সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকায় নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা জরুরি।

তার মতে, যারা ঢাকায় বসবাস করেন না, কর দেন না বা শহরের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের নাম ঢাকার ভোটার তালিকায় থাকা উচিত নয়।

শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু-কিশোর মেলার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম অভিযোগ করেন, ঢাকার অনেক বাসায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা বেড়েছে।তাই প্রকৃত বাসিন্দাদের ভিত্তিতে নতুন তালিকা তৈরির দাবি জানান তিনি।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে অতীতে যেমন বিএনপি জয়ী হয়েছে, ভবিষ্যতেও জনগণ তাদের সমর্থন দেবে। একইসঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ ও ঋণ সহায়তার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী গুম, নিহত ও পঙ্গু হয়েছেন। তবে দলটি গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে। 

আবদুস সালাম বলেন, বিএনপিকে আজকে এই জুলাইয়ের কথা বলে বা অন্য কিছু বলে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি জনগণের জন্য কাজ করে।জুলাই সনদে যা যা পাওনা, সেগুলো অবশ্যই বিএনপি মেটাবে। এই ব্যাপারে কোনো কার্পণ্য থাকবে না বিএনপির।

বিএনপির শাসনামল প্রসঙ্গে তিনি দাবি করেন, স্বাধীনতার পর যত সময় বিএনপি ক্ষমতায় ছিল, সে সময় গণতন্ত্র নিরাপদ ছিল। একইসঙ্গে শেখ হাসিনা সরকারের সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও তোলেন তিনি।

স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক; বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ আহমেদ ঠাকুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS