চিঠি দিয়ে ‘বরফ গলানোর’ চেষ্টায় বিসিবি!

চিঠি দিয়ে ‘বরফ গলানোর’ চেষ্টায় বিসিবি!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তৈরি হওয়া অস্থিরতা কাটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয় চাইবে বাংলাদেশসহ সবদেশের ক্রিকেট বোর্ডের সাথে ভালো সম্পর্ক রাখতে।

চিঠিতে মূলত গত বছরের স্থগিত সিরিজটি পুনরায় আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে, যা বাংলাদেশের মাটিতে ভারতের সঙ্গে সীমিত ওভারের খেলার কথা ছিল।এছাড়া, আসন্ন এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে নতুন কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কি না। এসব বিষয়ও চিঠিতে উল্লেখ্য রয়েছে।

চিঠি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বাংলানিউজকে বলেন, ‘চিঠিতে স্থগিত সিরিজ এবং আসন্ন এশিয়া কাপ নিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া, ভারত ও বাংলাদেশ মিলিতভাবে নতুন কোনো উদ্যোগ নিতে পারবে কিনা, তাও আলোচনার বিষয় হিসেবে রাখা হয়েছে।’

চলতি বছরের শুরুতে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। উগ্রবাদীদের হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ। শুরুতে বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল।কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি নাকচ করে দিলে শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

ভারতের সঙ্গে ভাঙা ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করে  বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) একটি চিঠি দিয়েছে বাংলাদেশ। ফাহিম বলেছেন, ‘আমার মনে হয় না ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক খুবই অসুবিধার মধ্যে আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই চাইবে বাংলাদেশসহ অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে।আমাদের চাওয়াটাও ঠিক সেটিই। আমাদের দেশের সরকারের নীতি হলো সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা, এবং সেটা খেলাধুলার ক্ষেত্রেও প্রযোজ্য।’

যদিও ফাহিমের দাবি চিঠি পাঠানোর উদ্দেশ্য ক্রিকেটীয় বিষয়গুলোর সুরাহা, ভিন্ন কোন উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়নি, ‘আমি বলছি না চিঠিটা বরফ গলানোর জন্য দেওয়া হয়েছে। এটি কিন্তু একটি নিয়মিত চিঠি। আমরা সব বোর্ডের সাথেই আমাদের যোগযোগ রাখি। এর অংশ হিসেবে মেইল চালাচালির কাজ তো চলতেই থাকে।’

তবে, এখনও পর্যন্ত বিসিসিআই থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করা বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয় পুরোপুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারত সরকারের সবুজ সংকেত পেলেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ইতিবাচক মেইলই আশা করছেন ফাহিম, ‘আমরা চাই আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে সবারই সুসম্পর্ক থাকুক। ক্রিকেটীয় সম্পর্কও থাকবে। আমাদের এপ্রোচের মধ্যে সেটি সবসময় থাকবে। সব দেশের সঙ্গে আমাদের ক্রিকেটীয় সূচি যেন ঠিকঠাকভাবে পরিচালনা করা যায়। সবার সঙ্গে রেসপেক্টফুল সম্পর্ক বজায় রাখা আমাদের উদ্দেশ্য।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS