ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে ৪৩ শতাংশ ও ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে নজিরবিহীন মূল্যবৃদ্ধির একদিন পর শুক্রবার বিভিন্ন প্রদেশে সাধারণ মানুষের জন্য সহায়তামূলক ব্যবস্থা ঘোষণা করেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে পরবর্তী ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে।একই ঘোষণা দেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশেও। আর সিন্ধু সরকার ক্ষুদ্র কৃষকদের জন্য সহায়তা ও মোটরসাইকেল চালকদের জন্যও জ্বালানি ভর্তুকি ঘোষণা করেছে।
করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘোষণা করেন, ফেডারেল সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে সিন্ধু সরকার মোটরসাইকেল চালকদের ২,০০০ রুপি করে জ্বালানি ভর্তুকি দেবে।
তিনি জানান, মোটরসাইকেল চালকদের এই মূল্যবৃদ্ধি থেকে ‘সুরক্ষা দেওয়া উচিত’, যার কারণে গতকাল ঘোষিত ১০০ রুপির ভর্তুকি কার্যকর হচ্ছে।
মুরাদ আলী শাহ বলেন, প্রাদেশিক সরকার নিবন্ধিত মোটরসাইকেল মালিকদের জ্বালানি ভর্তুকি হিসেবে মাসে ২,০০০ রুপি দেবে।
তিনি বলেন, আবগারি বিভাগ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। তিনি আরও যোগ করেন, নিবন্ধিত হওয়ার পর মোটরসাইকেলের মালিকরা ‘১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে’ নির্ধারিত এ অর্থ সহায়তা পাবেন।
ক্ষুদ্র কৃষকদের জন্য সহায়তার ঘোষণা দিয়ে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, যেসব কৃষকের ২৫ একরের কম জমি রয়েছে তাদের প্রতি একরে ১,৫০০ রুপি করে দেওয়া হবে।তিনি আশা প্রকাশ করেন যে, এই ভর্তুকি ডিজেলের বাড়তি খরচ পুষিয়ে নিতে সাহায্য করবে।
এদিকে পাঞ্জাব সরকার ঘোষণা করেছে, প্রদেশের সব শহরের অভ্যন্তরীণ রুটে সাধারণ মানুষকে বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়া হবে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাস সার্ভিসে ভ্রমণের সময় নাগরিকদের কোনো টিকিট কিনতে হবে না।
তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে এটি পাঞ্জাবের মানুষের জন্য একটি বড় সহায়তা প্যাকেজ। এটি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের জাতীয় সাশ্রয় ও মিতব্যয়িতা কর্মসূচির অংশ বলে উল্লেখ করেন তিনি।
‘আমরা কঠিন সময়ে জনগণকে একা ছেড়ে দেব না’ বলেও মন্তব্য করেন মরিয়ম নওয়াজ। তিনি বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের প্রতি একর জমির জন্য ১০০ রুপি হারে ডিজেল ভর্তুকি দেওয়া হবে। মোটরসাইকেল চালকদের ভর্তুকি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে– প্রতিটি নিবন্ধিত মোটরসাইকেল মালিক ২০ লিটার জ্বালানির ওপর ১০০ রুপি করে ভর্তুকি পাবেন।
অপর এক পোস্টে মুখ্যমন্ত্রী মরিয়ম পণ্যবাহী যানের জন্য ৭০,০০০ রুপি, বড় পরিবহন যানের জন্য ৮০,০০০ রুপি এবং গণপরিবহন– বাসের জন্য ১,০০,০০০ রুপির মাসিক ভর্তুকি ঘোষণা করেন।
এছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক্সে দেওয়া এক পোস্টে জানান, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে শনিবার থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনে বিনামূল্যে যাত্রী পরিবহন করা হবে।
তিনি বলেন, জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগের জন্য ৩৫০ মিলিয়ন রুপির ব্যয়ভার বহন করবে।
সূত্র: ডন