মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এশিয়ার পশ্চিমাঞ্চলে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনা ও সংলাপই এ ধরনের সংকট সমাধানের সর্বোত্তম উপায়।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ আসলে এক ধরনের গণহত্যা, যা কোনো সমস্যার গ্রহণযোগ্য সমাধান হতে পারে না।
মাহাথির বলেন, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করি।কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষের প্রাণ নেওয়াকে আমি কখনোই মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই বৃহৎ পরিসরে মানুষ হত্যা, যা মূলত গণহত্যার শামিল।
তিনি আরও বলেন, এখনো কীভাবে রাষ্ট্রগুলো যুদ্ধকে পারস্পরিক সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে,এটি ভাবাই কঠিন।
ড. মাহাথির জোর দিয়ে বলেন, সংঘাতে জড়িত পরাশক্তিগুলোর উচিত এমন সমাধানের পথ খোঁজা, যা কম প্রাণহানি ও কম ধ্বংস ডেকে আনে।
তিনি প্রশ্ন তোলেন, যখন সমস্যার বিকল্প সমাধান রয়েছে, তখন কেন তা ব্যবহার করা হবে না? তার মতে, এমন উপায় রয়েছে যা কম প্রাণহানি ঘটায়, কম ক্ষতি করে এবং ব্যয়ও তুলনামূলকভাবে কম।
তিনি উল্লেখ করেন, মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব। এসব বিকল্পের মধ্যে রয়েছে সংলাপ, মধ্যস্থতা (তৃতীয় পক্ষের সালিশ) এবং আদালতের আশ্রয় নেওয়া।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এশিয়ার পশ্চিমাঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করেছে।বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং জীবনযাত্রার ব্যয়ও বাড়তে পারে।