বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সময় গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি কেম্প স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এই সম্মাননা তুলে দেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনে গৃহীত এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়।
এই প্রস্তাব প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
এর আগে গত মঙ্গলবার সকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তাঁরা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়।