ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে দারুণ এক সমাপ্তি টানে বাংলাদেশ। শেষ ম্যাচে ১১ রানের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই জয় দিয়েই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিজের দায়িত্বের শেষ অধ্যায় শেষ করেন গাজী আশরাফ হোসেন লিপু।
সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায় নেন তিনি।দায়িত্ব পালন শেষে এমন ইতিবাচক ও সম্মানজনক বিদায় দেশের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। তবে সাবেক এই অধিনায়ক নিজের শেষটাকে স্মরণীয় করেই বিদায় বলেছেন।
বিদায়ের আগে ক্রিকেটারদের উদ্দেশে কিছু পরামর্শও দেন লিপু। আন্তর্জাতিক দায়িত্ব শেষ হলেও দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেট নিয়েও কাজ করে আসছিলেন তিনি।অবশেষে ৩১ মার্চ মিরপুরে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করেন।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাবে। সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস। তবে কবে নাগাদ এবং কোন প্রক্রিয়ায় লিপুকে সম্মাননা জানানো হবে, সেটা এখনো নিশ্চিত নয়।
সামনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এই সিরিজের আগে-পরে সম্মাননার বিষয়টি হতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব পান লিপু। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন।তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।