‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ পাওয়া গেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।তিনি জানান, ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে পাম্পের ট্যাংক স্কেল দিয়ে মেপে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মিলিয়ে মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করায় পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS