স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দিবসের শেষ কর্মসূচিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় ও দেশের সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বঙ্গভবনে যাওয়ার আগে বিকেল ৪টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে যান তিনি। সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। গ্যালারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পাশাপাশি দেশের ফুটবলের উন্নয়নে সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দিনের শুরুতে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সন্তানদের স্মরণ করেন।

পরবর্তীতে সকাল ৭টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। সেখানে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS