মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও কড়া বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় থাকতে যুদ্ধ বন্ধের আলোচনায় না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইঙ্গিত দেন, দেরি হওয়ার আগেই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার ভাষায়, একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না, এবং সেটি কারও জন্যই ভালো হবে না।
এদিকে এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক এক নাটকীয় দাবি। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাটি অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে।
ট্রাম্প তার বার্তায় আরও বলেন, ইরান ইতোমধ্যেই সামরিকভাবে চরম দুর্বল অবস্থায় রয়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুবই সীমিত।তাই তার মতে, সংঘাতের পথ ছেড়ে দ্রুত আলোচনায় ফিরাই একমাত্র বাস্তবসম্মত পথ।