যশোর-খুলনা ভারতে যুক্ত করার কথা বললেন বিজেপি নেতা

যশোর-খুলনা ভারতে যুক্ত করার কথা বললেন বিজেপি নেতা

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশের যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করার মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ থেকে কেউ এলে নিজের জমি নিয়েই আসুক। না হলে যারা পাঠাচ্ছেন, তাদেরই যশোর-খুলনা ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত।”

আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি দাবি করেন, তাদের প্রধান লক্ষ্য হবে রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ হতে না দেওয়া।

সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন শমীক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি রাজ্য ও দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

খিদিরপুর, মহেশতলা ও মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ধর্মীয় মেরুকরণ বেড়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে জনবিন্যাস পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ পুনরায় তোলেন।

এ সময় আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীরকে নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, কিছু এলাকায় ‘মিনি পাকিস্তান’-সদৃশ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রকাশ্যে ধর্মীয় প্রচার চলছে।

এ বিষয়ে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তারও অভিযোগ করেন তিনি।

বিজেপি কোনো ধর্মের বিরোধী নয় উল্লেখ করে এবং বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের ‘গোলামির প্রতীক’ আর ফিরতে দেওয়া হবে না এবং কেউ চেষ্টা করলে সব সম্প্রদায় একসঙ্গে তার বিরোধিতা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS