ঈদের সাজ

ঈদের সাজ

ঈদের দিনে সবাই চান নিজেকে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে সবার সামনে উপস্থাপন করতে। সুন্দর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর মোহনীয় হাসি-এই বিশেষ দিনে এর চেয়ে বেশি আর কীইবা চাই।

এবার ঈদে কীভাবে সাজবেন-এই ভাবনার সমাধান দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম।

তিনি জানান, ঈদের রাতে বাইরে যাওয়ার জন্য বিশেষ পোশাকটি আগেই তৈরি করে রাখুন।সেই সঙ্গে সাজ-সরঞ্জামও গুছিয়ে নিন, যাতে শেষ মুহূর্তে তাড়াহুড়ো না থাকে।

ফারনাজ আলম বলেন, রান্না ও অতিথি আপ্যায়নে সারাদিন কেটে যায়। তাই সন্ধ্যার সময়টা ফাঁকা রাখুন প্রিয়জনের সঙ্গে বাইরে যাওয়া বা দাওয়াত রক্ষার জন্য। সাজের আগে সারাদিনের ক্লান্তি দূর করতে চা বা কফি পান করুন এবং হাতে পর্যাপ্ত সময় রেখে প্রস্তুতি নিন।

মেকআপ শুরুর আগে দুধ, মধু ও ময়দার মিশ্রণ দিয়ে ত্বক পরিষ্কার করুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মুখ ও গলায় লাগিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। প্রয়োজন হলে কনসিলার ব্যবহার করে দাগ বা ভাঁজ ঢেকে নিন।

সবশেষে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন।

চোখের মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন চোখের ওপর ও নিচে ভালোভাবে মিলিয়ে নিন। চোখের নিচে কালি থাকলে কনসিলার ব্যবহার করুন। এরপর পুরো চোখের পাতায় বেস আইশ্যাডো লাগান। পোশাকের সঙ্গে মিলিয়ে এক বা একাধিক শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।ভ্রুর ঠিক নিচে হাইলাইটার, চোখের ভেতরে কাজল এবং ওপরে ও নিচে আইলাইনার দিন। স্মোকি লুকের জন্য গাঢ় বাদামি বা কালো আইলাইনারের সঙ্গে সোনালি, ব্রোঞ্জ বা কপার আইশ্যাডো ব্যবহার করতে পারেন। সবশেষে ২-৩ কোট মাশকারা দিন।

নাক শার্প দেখাতে নাকের দুই পাশে ডার্ক শেডের ফাউন্ডেশন এবং ওপরের অংশে লাইট শেড ব্যবহার করুন। গালে গোলাপি বা বাদামি শেডের ব্লাশন ব্যবহার করতে পারেন। একটু হেসে গালের ‘আপেল পয়েন্ট’ চিহ্নিত করে চিকবোন বরাবর ব্লাশন লাগান।

ঠোঁটের সাজে প্রথমে হালকা পাউডার লাগিয়ে নিন। এরপর লিপ পেন্সিল দিয়ে আউটলাইন এঁকে লিপস্টিক বা লিপ ব্রাশ দিয়ে রং ভরুন। রাতের সাজে গাঢ় রঙের লিপস্টিক মানানসই। চাইলে লিপস্টিকের বদলে গাঢ় রঙের লিপগ্লসও ব্যবহার করতে পারেন।

চুলের সাজের ক্ষেত্রে মুখের গড়নের দিকে নজর দিন। গোল মুখে কপালের দিক কম ফোলানো ভালো, লম্বাটে মুখে পেছনের দিক একটু ফুলিয়ে নিতে পারেন। চাপা মুখের ক্ষেত্রে দুই পাশ হালকা ফোলানো মানানসই। চুল একপাশে ছেড়ে দেওয়া, পনিটেল বা কোঁকড়া স্টাইল-সবই করা যেতে পারে।

পোশাক ও সাজের সঙ্গে মিলিয়ে সোনা, রুপা, মুক্তা বা হীরার গহনা পরুন। পছন্দের সুগন্ধি ব্যবহার করে ঈদের সাজ সম্পূর্ণ করুন। তবে সাজ শেষে বাড়ি ফিরে অবশ্যই মেকআপ ভালোভাবে তুলতে হবে। তুলায় অলিভ অয়েল নিয়ে চোখ, ঠোঁট ও মুখ পরিষ্কার করে ক্লিনজার ব্যবহার করুন এবং শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

সবাইকে ঈদের শুভেচ্ছা-ঈদ কাটুক আনন্দ আর সৌন্দর্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS