মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এপ্রিলে অনুষ্ঠেয় ইরানসহ মুসলিমপ্রধান উন্নত দেশের ডি-৮ জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া এ সিদ্ধান্ত জানিয়েছে।
চার দিনের এ সম্মেলন ১২ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিত করা হলেও নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি।
ইরান ও ইন্দোনেশিয়া ছাড়া ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাকি সদস্যরা হলো– আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি থারিয়াত রাজধানী জাকার্তায় সম্মেলন স্থগিত করার বিষয়ে সাংবাদিকদের বলেন, এটা দুঃখজনক যে (মধ্যপ্রাচ্যে) উত্তেজনা হ্রাসের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। গত রাতে (ইন্দোনেশিয়ার) পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিপক্ষদের (সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের) কাছে লেখা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, সেখানে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।