মির্জা আব্বাসের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওনাকে (মির্জা আব্বাস) হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা ওনাকে অবহিত করা হচ্ছে।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে।ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।’

এর আগে, গত বুধবার (১১ মার্চ) রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান।

তারা তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ডা. জাহিদ জানান, মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। বোর্ডের বৈঠকের সময় অনলাইনে যুক্ত থাকছেন তিনি নিজেও।

সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতির বিষয়ে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ওনাকে দেশের বাইরে সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করে রাখা হয়েছে।সেখানে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে। তবে বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।’

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাসের সহধর্মিণীসহ তার পরিবার এই বর্ষীয়ান নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS