বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাও সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, দ্রব্যমূল্য যেন কৃত্রিমভাবে বৃদ্ধি না পায় এবং এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ চলছে। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সেজন্য সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।প্রাথমিকভাবে বিভাগীয় ও বড় শহরগুলো থেকে এ কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।