ইলেকশন মেকানিজম নিয়ে ওঠা অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কলঙ্ক তিলক’ হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল।
আমরা স্বৈরাচারের সঙ্গে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজম নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে।
তিনি বলেন, আমাদের বিভিন্ন প্রার্থীর কাছ থেকেও অভিযোগ এসেছে, অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরনের অনিয়ম হয়েছে। নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাব, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা এবং দলের জেলা সভাপতি ও সেক্রেটারিরা সভায় অংশ নেন।