সুদানে হাসপাতালে বোমা হামলা, চিকিৎসকসহ নিহত ২২

সুদানে হাসপাতালে বোমা হামলা, চিকিৎসকসহ নিহত ২২

সুদানের দক্ষিণ কারদোফান রাজ্যের আল-কিওয়েক শহরে একটি সামরিক হাসপাতাল লক্ষ্য করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মিলিশিয়াদের বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।

বৃহস্পতিবার সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর এবং আরও তিনজন কর্মী নিহত হয়েছেন। আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সুদানে চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী সুদান ডক্টরস নেটওয়ার্ক এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন এবং বেসামরিক নাগরিক এবং চিকিৎসা সুবিধার সুরক্ষা নিশ্চিতকারী কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

সংগঠনটির দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে এ আক্রমণটি ‘দক্ষিণ কর্ডোফান রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া ধারাবাহিক হামলার অংশ, যার ফলে বেশ কয়েকটি হাসপাতাল পরিষেবা বন্ধ করে দিয়েছে’।

সুদান ডক্টরস নেটওয়ার্ক এ হামলার জন্য সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করেছে এবং জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ অভিযোগের বিষয়ে আরএসএফ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সুদানের ১৮টি রাজ্যের মধ্যে আরএসএফ পশ্চিমের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্য নিয়ন্ত্রণ করে। তবে উত্তর দারফুরের কিছু অংশ এখনো সেনাবাহিনীর দখলে রয়েছে। বাকি ১৩টি রাজ্যের বেশির ভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যার মধ্যে রাজধানী খার্তুমও রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে।

এ সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS