ছিলেন আইসিইউতে, বাসায় ফিরে যা বললেন মেঘলা মুক্তা

ছিলেন আইসিইউতে, বাসায় ফিরে যা বললেন মেঘলা মুক্তা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। অস্ত্রোপচারের পর থাকতে হয়েছে আইসিইউতেও।দীর্ঘ চিকিৎসা ও শারীরিক ধকল শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।

হাসপাতাল থেকে ফিরলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।বরং দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করছেন মেঘলা।

নিজের বর্তমান পরিস্থিতি ও একাকিত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

রোববার (২২ আগস্ট) দেওয়া ওই পোস্টে মেঘলা মুক্তা লেখেন, ‘হসপিটাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং- কিছুই যেন নেই।শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

এরপর আয়নায় নিজের মুখ দেখার অনুভূতিও তুলে ধরেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আয়নায় নিজেকে দেখে শুধু একটা কথাই মনে হয়- আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব।’

দুর্ঘটনার পর মুখে সেলাই ও দাগ নিয়ে অনেকে তাকে কিছু না লেখার পরামর্শ দিয়েছেন বলেও জানান মেঘলা। তবে মানুষের কথায় নিজের বাস্তবতা আড়াল করতে নারাজ তিনি।

মেঘলা লেখেন, ‘অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই।’

সবশেষে নিজের লড়াইয়ের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম- আমি লড়ছি। এবং আমি ফিরব।’

এর আগে গত ২৭ জুলাই ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন মেঘলা মুক্তা। তখন জানিয়েছিলেন, সড়ক দুর্ঘটনায় তার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন তিনি। জরুরি প্রয়োজনে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের পরিবর্তে সরাসরি ফোন করার অনুরোধও জানিয়েছিলেন মেঘলা।

ওই পোস্টের মাত্র দুই দিন পরই প্রকাশ্যে আসে তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও আইসিইউতে চিকিৎসা শেষে অবশেষে বাসায় ফিরেছেন তিনি।

তবে তার সাম্প্রতিক পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, সুস্থ হয়ে আগের ছন্দে ফিরতে মেঘলার আরও কিছুটা সময় প্রয়োজন। শারীরিক ক্ষত সারানোর পাশাপাশি মানসিকভাবেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

মেঘলা মুক্তার শোবিজে পথচলা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিলবোর্ড ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। পরবর্তী সময়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা। বাংলাদেশে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS