খাদ্যগুদাম ও ইমিগ্রেশনে নতুন প্রযুক্তি কেনার অনুমোদন সরকারের

খাদ্যগুদাম ও ইমিগ্রেশনে নতুন প্রযুক্তি কেনার অনুমোদন সরকারের

খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বৈঠকে মোট দুটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

এর মধ্যে একটি প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয় এবং অপরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবিধ প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ধারা অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনা হবে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে এ ক্রয় করা হবে। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তিগুলো হলো-অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর), ই-ভিসা, ই-ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম।

জাতীয় নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুযায়ী এসব প্রযুক্তি সংযোজনের জন্য ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS