জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হবে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা।দলের চেয়ারম্যান নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুসম্পন্ন ও সুসংগঠিতভাবে শেষ করা যায়, সে চেষ্টা আমরা করব।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং সরকার গঠন করেছে।তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি জনগণের স্বার্থে, মানবকল্যাণে, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ যাতে সুচারুভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে আমরা কাজ করব।
রিজভী বলেন, ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে হবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।তিনি আরও বলেন, দলের নেতাকর্মীরা যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ অনৈতিক চিন্তা করলে তা বাস্তবায়ন করতে পারবে না। সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করেছেন।
দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন। এতে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে, বলেন রিজভী।
তিনি বলেন, ‘সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে আপনারা দেখেছেন, আমাদের চেয়ারম্যান কতটা শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।