কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় হামলার শিকার হন তিনি।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত আল আমিন সৈকত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে।তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিশোরগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর।
নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত গতকাল রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় আল আমিন সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।এ খবর পেয়ে স্বজনরা সৈকতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।