প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার সময়ই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হচ্ছে। এতে বান্দরবান-৩০০, দেশের সর্বশেষ সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণের পর নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। নতুন চার মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্র জানায়, সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবানের বোমাং সার্কেলের রাজপুত্র। তিনি বর্তমানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বত্য বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।২০২৬ সালের নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সাচিং প্রু জেরীর বাবা অং শৈ প্রু চৌধুরী। তাঁর মামি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মা ম্যা চিং সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।