সাবার সঙ্গে প্রেম ভাঙল হৃতিকের?

সাবার সঙ্গে প্রেম ভাঙল হৃতিকের?

বলিউডের তারকা অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জোর গুঞ্জন। চার বছরের এই প্রেমে নাকি চিড় ধরেছে! সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটকে কেন্দ্র করে এমনই আলোচনা শুরু হয়েছে বলিউডপাড়ায়।

সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর ২০২২ সালে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক আয়োজন কিংবা অবকাশযাপনে একসঙ্গে দেখা গেছে তাদের।তবে এবার হৃতিককে একটি ডেটিং অ্যাপে ‘সিঙ্গেল’ হিসেবে দেখা যাওয়ার দাবি থেকেই নতুন করে তৈরি হয়েছে বিচ্ছেদের জল্পনা।

গুঞ্জনের সূত্রপাত সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট ঘিরে।সেখানে ‘রায়া’ নামের একটি ডেটিং ও সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে হৃতিক রোশনের নাম ও ছবি ব্যবহার করা একটি প্রোফাইল দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। প্রোফাইলের বায়োতে ‘অভিনেতা/প্রযোজক/উদ্যোক্তা’ হিসেবে পরিচয়ও দেওয়া হয়েছে।

তবে ওই প্রোফাইলটি সত্যিই হৃতিকের কি না, তা নিশ্চিত নয়। ফলে শুধু এসব স্ক্রিনশটের ভিত্তিতে তার সম্পর্কের অবস্থা নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

এর মধ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলার পুরোনো একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, হৃতিক রোশন ও আদিত্য রায় কাপুরকে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে সক্রিয় থাকতে দেখেছেন।

উর্বশীর সেই মন্তব্য এবং নতুন করে ছড়িয়ে পড়া কথিত প্রোফাইলের ছবি- দুইয়ে মিলে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই ফের ‘সিঙ্গেল’ হয়েছেন হৃতিক?

যদিও এ বিষয়ে হৃতিক রোশন কিংবা সাবা আজাদের কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ।

হৃতিক ও সাবার সম্পর্কের শুরুটাও ছিল বেশ চমকপ্রদ। সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে তাদের পরিচয় হয় বলে জানা যায়। এরপর বেশ কিছুদিন নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন তারা।

পাপারাজ্জিদের নজর এড়িয়ে কয়েক মাস দেখা-সাক্ষাৎ করার পর ২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে সাবাকে আগলে বের হতে দেখা যায় হৃতিককে। সেই ছবি প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্ক নিয়ে আর কোনো রাখঢাক থাকেনি।

এরপর বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে দুজনকে। এমনকি রোশন পরিবারের বিভিন্ন আয়োজনে সাবার উপস্থিতি ছিল নিয়মিত।

হৃতিকের সঙ্গে সাবার সম্পর্কের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল তার সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে সাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হৃতিক ও সুজানের দুই সন্তান রেহান ও রিদানের সঙ্গেও সাবাকে বিভিন্ন সময়ে স্বচ্ছন্দভাবে সময় কাটাতে দেখা গেছে।

সব মিলিয়ে হৃতিক-সাবার সম্পর্ককে বলিউডের অন্যতম আলোচিত প্রেম হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এখন কথিত ডেটিং অ্যাপ প্রোফাইল ঘিরে সেই সম্পর্কেই ভাঙনের গুঞ্জন।

তবে হৃতিক ও সাবা দুজনের কেউই বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তাই আপাতত প্রশ্নই রয়ে যাচ্ছে- সত্যিই কি চার বছরের সম্পর্কে ইতি টানলেন হৃতিক-সাবা, নাকি পুরো বিষয়টিই আরেকটি গুঞ্জন? 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS