চীনের অর্থনৈতিক সংস্কার ও বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশটির সংযোগ বাড়ানোর অন্যতম প্রধান কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন।
বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্প খাতে বড় ধরনের সংস্কার আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঝু রংজি। তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী এই অর্থনীতিবিদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও লাভজনক করার উদ্যোগ নেন।তার নেতৃত্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপ চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করে।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি।এ সময় দেশটির অর্থনীতিতে ব্যাপক ও দ্রুতগতির সংস্কার বাস্তবায়ন করেন তিনি। তার নেতৃত্বেই ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয় চীন।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরোধিতার মুখে পড়েন ঝু রংজি। এসব সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও চীনের অর্থনীতিকে আরও গতিশীল করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তী সময়ে ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় চীন।