টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই দফায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পরে বিকেলে সেনাবাহিনীর তৎপরতায় সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। একই দিনে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।এ কারণে পর্যটক ও চলাচলকারী যানবাহনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পাহাড়ধসে তিনজন আহত হয়েছেন।এ ঘটনায় তিনটি বসতঘর মাটিচাপা পড়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে টানা ভারী বৃষ্টির কারণে একটি আশ্রয়কেন্দ্রের (শেল্টার) ওপর পাহাড়ধস নামে। এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় নুনুজিয়া। পরে স্থানীয়রা তাকে দ্রুত ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।