চট্টগ্রাম থেকে কাঁচামাল, ঢাকায় তৈরি হতো ইয়াবা

চট্টগ্রাম থেকে কাঁচামাল, ঢাকায় তৈরি হতো ইয়াবা

চট্টগ্রাম থেকে ইয়াবা তৈরির কাঁচামাল এনে রাজধানী ঢাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে চলছিল ইয়াবা উৎপাদন। এমন দুটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-২।পৃথক অভিযানে কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির (৪৫) এবং ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং মোট ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২ আগস্ট মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে আটক করা হয়।তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফয়সালের বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি কারখানায় অভিযান চালিয়ে কেমিস্ট নাছিরকে গ্রেপ্তার করে র‍্যাব।

সেখানে আরও একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, নাছির প্রায় ১০ বছর ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা তৈরির কাঁচামাল এনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে কারখানা পরিচালনা করছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা উৎপাদন হতো ওই কারখানায়।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার ফয়সাল ইসলাম মিঠু ওই কারখানায় উৎপাদিত ইয়াবা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় মাদক-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS