ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের মূল আদর্শ হলো আর্তপীড়িত ও অসহায় মানুষের সেবা করা। জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।দল, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সব নাগরিকের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটস্থ গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংগঠনের সদস্য ও বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের সব সেবাদানকারী প্রতিষ্ঠান, মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, দেশের প্রকৃত মালিক সাধারণ জনগণ।তাই জনগণের সেবা নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব।
তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, গত ১৯ বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় নেতাকর্মীরা অসহায়, দুঃখী ও দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, আমাদের রাজনীতিতে কোনো বাছবিচার নেই। দল-মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিকের পাশে দাঁড়াতে চাই।
হাটহাজারীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে (১৬৫ দিনে) উপজেলায় সাড়ে চারশর বেশি উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৮০টি কাজ সম্পন্ন হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ১৯ বছর আগে হাটহাজারীর সড়ক ও অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক ছিল। বিশেষ করে নারী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে পরিকল্পিতভাবে কাজ চলছে। এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ‘প্রত্যাশী’ সংস্থার সদস্য এবং বন্যাদুর্গত মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী তুলে দেন।
‘প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।