News Headline :
গোলাবারুদের ঘাটতি নেই দাবি ট্রাম্পের

গোলাবারুদের ঘাটতি নেই দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টর ও গোলাবারুদের ঘাটতির খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের মজুত রয়েছে।

রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায়ও বেশি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে যেতে পারে বলে এর আগে সতর্ক করেছিলেন প্রতিরক্ষা কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যম।

জর্ডানে ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের সুরক্ষা ও সামরিক অভিযানের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

তবে ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেন।এসব ছবির মাধ্যমে তিনি মার্কিন সামরিক শক্তি ও আধিপত্যের চিত্র তুলে ধরেন।

এর মধ্যে একটি ছবিতে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দেখা যায়।ছবির পেছনে ট্রাম্পের একটি বড় প্রতিকৃতিও ছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্ক জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত দেড় হাজার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুত এক হাজারের নিচে নেমে এসেছে।

তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো সামরিক অভিযান পরিচালনার জন্য মার্কিন বাহিনীর কাছে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS