বিজেপি সরকার এলে কী মিলবে বঙ্গবাসীর? মুখ্যমন্ত্রী পদে এগিয়ে শুভেন্দু

বিজেপি সরকার এলে কী মিলবে বঙ্গবাসীর? মুখ্যমন্ত্রী পদে এগিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ৯ মে (২৫ বৈশাখ) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।

কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন এখন ঘুরছে রাজ্য রাজনীতির অন্দরে এবং সাধারণ মানুষের মধ্যে। দলের একাংশ ও সমর্থকদের দাবি, এই দায়িত্ব দেওয়া হোক শুভেন্দু অধিকারীকে।এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী কে হবেন তা দলই ঠিক করবে।তবে তিনি স্পষ্ট করে দেন, যেই দায়িত্বেই আসুন না কেন, বিজেপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই হবে সরকারের প্রধান লক্ষ্য।

তিনি জানান, রাজ্যে কেউ আর খোলা আকাশের নিচে থাকবে না, সবার মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করা হবে। 

পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। 

তার দাবি, নারীরা যাতে যেকোনো সময় নিরাপদে বাইরে বেরোতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে।

অর্থনৈতিক ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সরকারি কাজের গতি বাড়ানো, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। 

এ ছাড়া কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুবকদের বেকার ভাতা এবং নারীদের জন্য আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
শুভেন্দুর কথায়, আগামী এক বছরের মধ্যেই মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবে।

তিনি আরও জানান, নরেন্দ্র মোদির ‘গ্যারান্টি’ এবং অমিত শাহর ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে পালন করবে বিজেপি সরকার।

নির্বাচনের আগে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন। ‘অন্নপূর্ণা প্রকল্প’র মাধ্যমে নারীদের মাসে তিন হাজার টাকা ভাতা, ৬০ বছরের ঊর্ধ্বে ও বিধবাদের জন্য সমপরিমাণ আর্থিক সহায়তা, গর্ভবতী নারীদের এককালীন ২১ হাজার টাকা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

এছাড়াও যুবকদের জন্য মাসিক তিন হাজার টাকা বেকার ভাতা, প্রতি পরিবারে ২শ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা এবং যাদের পাকা বাড়ি নেই তাদের জন্য তিন লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগেই প্রতিশ্রুতি ও পরিকল্পনাকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রাজ্যে। এখন নজর ৯ মে’র শপথগ্রহণ মঞ্চে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS