কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কালবৈশাখীর দাপট আর জলমগ্ন ভারী মাঠ কোনো কিছুই আটকাতে পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাদাকালো শিবির।
খেলার শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে মোহামেডান। যার ফল আসে ম্যাচের ২৮তম মিনিটে।কর্নার কিক থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন জুয়েল। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।
তবে বিরতির সময় শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। বৈরী আবহাওয়ার কারণে রেফারি প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ রাখতে বাধ্য হন।বৃষ্টির কারণে মাঠ ভারী হয়ে গেলেও দ্বিতীয়ার্ধে মোহামেডানের ছন্দপতন হয়নি। খেলা পুনরায় মাঠে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই নিজের জোড়া গোল পূর্ণ করেন জুয়েল, দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
ম্যাচের ৭৬ মিনিটে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সৌরভ। মোজাফ্ফরভের নেওয়া একটি দূরপাল্লার ফ্রি-কিক রহমতগঞ্জের গোলরক্ষক ঠিকমতো গ্লাভসবন্দী করতে ব্যর্থ হন। হাত ফসকে বেরিয়ে যাওয়া বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন সৌরভ। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।
এমন দাপুটে জয়ের পরও অবশ্য সরাসরি ফাইনালের টিকিট পাচ্ছে না মোহামেডান। শিরোপার মঞ্চে জায়গা করে নিতে তাদের আরও একটি ধাপ পার হতে হবে। আগামী ১২ মে ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান। এই কঠিন সমীকরণে ব্রাদার্সকে হারাতে পারলেই মেগা ফাইনালে শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়ার সুযোগ পাবে তারা।