পিরোজপুর জেলার বেহাল সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর অতীত ও বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।কয়েকটি প্রকল্পে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।
এসব অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যেকোনো উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।