পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পর মঙ্গলবার (৫ মে) তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না।কারণ ভোটের এই ফলাফলকে তিনি মানছেন না।
সংবাদ সম্মেলন করে মমতা বলেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি ইস্তফা দেব না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘আমি কেন রাজভবনে যাব? শপথ নিতে গেলে যেতাম। ওরা দখল করেছে।আমি পদত্যাগ করতে যাব না। আমরা ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না।’
এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি পরিষ্কার করে দেন, রাজনৈতিকভাবে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না।
এবারের বিধানসভা নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই পরাজয় প্রকৃত নয়। তার অভিযোগ প্রায় ১০০টি আসনে ভোট লুট হয়েছে গণনাকেন্দ্রে তৃণমূলের প্রতিনিধিদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ওরা গুণ্ডার মতো আচরণ করেছে। এমন নির্বাচন আমি কোনোদিন দেখিনি।
পশ্চিমবঙ্গের নির্বাচন পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শিবসেনা পার্টির উদ্ধব ঠাকরে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ একাধিক বিরোধী নেতার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন মমতা। তবে ভবিষ্যৎ জোট বা কৌশল নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
তৃণমূল প্রধান বলেছেন, তার চেয়ারের প্রতি কোনো আগ্রহ নেই। মানুষের জন্য কাজ করবেন। ফলে পরাজয়ের পরেও লড়াইয়ের সুর অটুট থাকবে। একই সাথে তিনি বলেছেন, যদি সঠিকভাবে পরাজয় পেতাম তবে নিশ্চয়ই পদত্যাগ করতাম। কিন্তু আমাকে জোর করে পরাজিত করা হয়েছে। ফলে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।