বলিউডের চলতি সময়ের অভিনেত্রী কিয়ারা আদভানি। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কবীর সিং, শেরশাহ এবং গুড নিউজ-এর মতো সিনেমায় তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।
এবার আলোচিত কন্নড় প্রজেক্ট টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস-এ অভিনয় করেছেন তিনি। যেখানে সহ-অভিনেতা হিসেবে আছেন যশ।সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে সিনেমাটি নিয়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী।শুটিং শেষ হওয়ার পর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখে কিয়ারা নিজের অবস্থান পরিবর্তন করেছেন। কাটছাঁট করে ঘনিষ্ঠ দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন এই বলিউড অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের পর দৃশ্যগুলো দেখে আপত্তি জানিয়েছেন কিয়ারা। সহ-অভিনেতা যশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ওই প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের আগে কিয়ারাকে আশ্বস্ত করা হয়েছিল কোনো দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বাচ্ছন্দ্য রাখার প্রতিশ্রুতিতেই রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ফুটেজ দেখার পর নাকি নিজের মত পরিবর্তন করেছেন কিয়ারা।
জানা যায়, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলাদা করে পরিচালক-অভিনেত্রীর মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সর্বোপরি যশ বা ‘টক্সিক’ নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই সিনেমায় যশ, কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশিসহ অনেকেই।
ইতোমধ্যেই মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তনের মুখে পড়েছে ‘টক্সিক’। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে।