সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে গিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাজার প্রাঙ্গণে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটাই প্রত্যাশা।
সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।এ সময় তারা নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।