স্বচ্ছ-জবাবদিহিমূলক ফায়ার সার্ভিস গড়ার আহ্বান

স্বচ্ছ-জবাবদিহিমূলক ফায়ার সার্ভিস গড়ার আহ্বান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (৪ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর সময়কালে গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণও তিনি তুলে ধরেন।

তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সবাইকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।

একইসঙ্গে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

একইসঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকার আহ্বান জানান। এ ছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সব পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 

এ সময় তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্যসহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দ্বিতীয় পর্বে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে সাম্প্রতিককালে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শন করায় বাছাইকৃত ৮০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। বাকিদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকরা মহাপরিচালকের পক্ষ থেকে সম্মাননা হস্তান্তর করেন। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর সম্মাননাপ্রাপ্তদের নিয়ে ফটোসেশনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকরা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালকরা এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS