যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত শর্তের কারণেই তেহরান–ওয়াশিংটন সংলাপ শেষ পর্যন্ত ভেস্তে গেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, আগের দফার আলোচনায় কিছু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।এর জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানকেই দায়ী করেন।
এই সফরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।ধারণা করা হচ্ছে, চলমান আঞ্চলিক উত্তেজনা ও পরমাণু ইস্যু নিয়েই সেখানে বিস্তারিত আলোচনা হবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাত নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে তেহরান।একই সঙ্গে পরমাণু আলোচনার পরবর্তী ধাপ আপাতত স্থগিত রাখার বিষয়টিও ওই প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এই কূটনৈতিক প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় বিকল্প পথ খুঁজছে তেহরান।