এআইয়ের প্রভাবে তরুণদের চাকরির বাজারে চাপ, সতর্ক করলেন ঋষি সুনাক

এআইয়ের প্রভাবে তরুণদের চাকরির বাজারে চাপ, সতর্ক করলেন ঋষি সুনাক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে কর্মক্ষেত্র বদলে দিচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে তরুণদের চাকরির বাজারে, এমনই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়েছেন, এআইয়ের কারণে অনেক প্রতিষ্ঠান এখন কম কর্মী নিয়োগ দিয়েই ব্যবসা বাড়ানোর পথ খুঁজছে।

বর্তমানে অ্যানথ্রোপিক এবং মাইক্রোসফটের উপদেষ্টা হিসেবে কাজ করা সুনাক বলেন, নতুন গ্র্যাজুয়েটদের জন্য এন্ট্রি-লেভেলের চাকরি পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে আইন, হিসাবরক্ষণ এবং সৃজনশীল খাতগুলোতে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

তার ভাষায়, অনেক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এখন ব্যবসা বাড়লেও কর্মী সংখ্যা বাড়ানোর প্রয়োজন ততটা নেই। অর্থাৎ কর্মী না বাড়িয়েও প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সুনাক কর ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তিনি ধীরে ধীরে ন্যাশনাল ইন্স্যুরেন্স বাতিল করে তার পরিবর্তে কর্পোরেট মুনাফার ওপর বেশি কর আরোপের কথা বলেন।তার মতে, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে, যা কর্পোরেট আয়ও বাড়াবে।

এআইয়ের প্রভাব আগের প্রযুক্তিগত পরিবর্তনের চেয়ে ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাই সরকারগুলোর উচিত এখন থেকেই পরিকল্পনা করা, যেন প্রযুক্তি মানুষের কাজ কেড়ে না নিয়ে বরং তাদের দক্ষতা বাড়াতে সহায়তা করে।

সম্প্রতি অ্যানথ্রপিক তাদের নতুন এআই মডেল ‘ক্লড মাইথস’উদ্বোধন করেছে, যা কিছু ক্ষেত্রে মানুষের চেয়েও ভালো পারফর্ম করতে সক্ষম, বিশেষ করে সাইবার নিরাপত্তা ও হ্যাকিং সম্পর্কিত কাজে। ফলে প্রযুক্তির ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই প্রেক্ষাপটে সুনাক বলেন, শুধুমাত্র কোম্পানির ওপর নির্ভর না করে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট ইতোমধ্যে এই নতুন প্রযুক্তি পরীক্ষা করেছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

সবশেষে, সুনাক যুক্তরাজ্যের প্রযুক্তিখাতে বড় বিনিয়োগের কথা তুলে ধরে বলেন, দেশটি ইতোমধ্যেই এআই খাতে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে বিশ্বের অন্যতম উৎপাদনশীল এআই ব্যবহারকারী দেশ হওয়ার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS