News Headline :
ফিফা র‍্যাংকিংয়ে আগের অবস্থানে বাংলাদেশ, শীর্ষে স্পেন

ফিফা র‍্যাংকিংয়ে আগের অবস্থানে বাংলাদেশ, শীর্ষে স্পেন

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেয়েদের সর্বশেষ র‍্যাংকিং প্রকাশ করেছে। গত মার্চে নারী এশিয়ান কাপে প্রথমবার খেলতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেলেও র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।আগের মতোই ১১২ নম্বর স্থানটিতেই রয়েছেন লাল-সবুজ প্রতিনিধিরা। তবে ম্যাচ হারার নেতিবাচক প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে, ৪.৮৭ পয়েন্ট খুইয়ে দলটির বর্তমান রেটিং দাঁড়িয়েছে ১১৬৫.৫৭।

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সর্বশেষ নারী এশিয়ান কাপের মধ্য দিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে পা রেখেছিল বাংলাদেশ। আসরের ‘বি’ গ্রুপে মিলি আক্তার ও আফঈদা খন্দকারদের লড়তে হয়েছে চীন, উজবেকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে।তবে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি দলটি। পুরো আসরে কোনো জয়ের দেখা তো মেলেইনি, উল্টো প্রতিপক্ষের জালে একটি গোলও করতে না পারা দলটি হজম করেছে ১১টি গোল।

এদিকে, ফিফার নতুন এই হালনাগাদে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১.০৩ রেটিং পয়েন্ট যোগ হয়ে স্প্যানিশদের মোট রেটিং এখন ২০৮৩.০৯। অপরিবর্তিত আছে দ্বিতীয় স্থানটিও; ২০৫৪.৬৫ পয়েন্ট নিয়ে স্পেনের ঠিক নিচেই অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, র‍্যাংকিংয়ের তলানির দিকে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আমেরিকান সামোয়া। +০.৬২ রেটিং পয়েন্ট বাড়িয়ে এক লাফে ১৭ ধাপ উন্নতি করেছে দলটি। ১১৩০.৪২ রেটিং নিয়ে তাদের বর্তমান অবস্থান ১২০তম। বিপরীতে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে সুরিনাম। র‍্যাংকিংয়ে পিছিয়ে তারা এখন ১৩৯ নম্বরে নেমে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS