News Headline :
৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েও নাঈমের আক্ষেপ

৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েও নাঈমের আক্ষেপ

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করলেন নাঈম হাসান। 

২৬ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার একসময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বর্তমানে টেস্ট একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে পিছিয়ে আছেন।

সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ মনে করেন, প্রতিদ্বন্দ্বিতার কারণেই নাঈমের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।

এ পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন নাঈম।তার প্রতিভা ও সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ না থাকলেও একই পজিশনে মেহেদী হাসান মিরাজের ধারাবাহিক উপস্থিতি সুযোগ সীমিত করে দিয়েছে বলে মনে করেন রাজিন।

নাঈমকে কিছুটা ভাগ্যবঞ্চিত উল্লেখ করে রাজিন সালেহ বলেন, ‘আমি বলব ও দুর্ভাগা।ও ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, ওকেও দেখতে হবে।মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ঐ জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’

সামনে ব্যস্ত টেস্ট সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই রয়েছে অস্ট্রেলিয়া সফর। এই প্রস্তুতিকে সামনে রেখে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন রাজিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS