রোমান্টিক আবহে শাকিব-সাবিলা

রোমান্টিক আবহে শাকিব-সাবিলা

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।

পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহে বসে আছেন শাকিব ও সাবিলা। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই স্পর্শে ডুবে থাকা শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি।

পোস্টারটি শাকিব খানের ফেসবুক পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’

এর আগে গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল রকস্টার সিনেমার প্রথম পোস্টার।চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও- এমন পোজে হাজির হয়েছিলেন ওই পোস্টারে।

রকস্টার পরিচালনা করছেন আজমান রুশো। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়।

এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি হয়েছিলেন তারা। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে রকস্টারের শুটিং।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS