গত বছর বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন ৩০ জন কোচ।অংশগ্রহণকারী সবাই পাস করেছেন। এই কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (বাবু) এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
এই কোর্সে অংশ নেওয়া ৩০ জন কোচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোচ এডুকেটরদের তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক প্রশিক্ষণের পর কোর্সের অংশ হিসেবে ৯০ দিনের একটি ফিল্ড অ্যাসাইনমেন্টও সম্পন্ন করতে হয়েছে অংশগ্রহণকারীদের।
ফিল্ড অ্যাসাইনমেন্টে কোচদের বাস্তব পরিবেশে কাজ করার সুযোগ দেওয়া হয়, যেখানে তারা সব ধরনের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কাজ করেছেন।প্রতিটি কোচ নির্দিষ্ট খেলোয়াড়দের জন্য পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করেছেন। পাশাপাশি আধুনিক কোচিং পদ্ধতি ব্যবহার করে খেলোয়াড়দের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
কোর্সের শেষ পর্যায়ে কোচরা তাদের কাজের বিস্তারিত প্রতিবেদন জমা দেন এবং সরাসরি উপস্থাপনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, শেখা বিষয় ও অর্জন তুলে ধরেন।
এই কোর্সে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম, মন্টু দত্তের মতো কোচরা।