আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি

আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলা শান্তি আলোচনা হঠাৎ করেই ভিন্ন দিকে মোড় নেয়। আলোচনার মাঝপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকল পরিস্থিতিকে আমূল বদলে দিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে নেতানিয়াহুর ফোন আসে। এরপর আলোচনার ফোকাস দ্রুতই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা থেকে সরে গিয়ে ইসরায়েলের কৌশলগত স্বার্থের দিকে ঝুঁকে পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু অর্জনের চেষ্টা করেছে, যা তারা সামরিক উপায়ে করতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ পরিস্থিতি প্রশমনের পথ খুঁজতে গত শনিবার ইসলামাবাদে মুখোমুখি হয় তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদল।মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। টানা ২১ ঘণ্টা বৈঠক চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

পরবর্তীতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আলোচনা ব্যর্থ হওয়ার কথা জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। তার বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে পোস্ট দিয়ে এই অভিযোগ উত্থাপন করেন আরাঘচি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সব সময় অটল এবং প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

তবে আলোচনার সময় নেতানিয়াহু সত্যিই ফোন করেছিলেন কি না, এ বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

এদিকে, ইসলামাবাদের এই বৈঠক ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS