সিকেডি হাসপাতালে চাঁদাদাবি, ৪ আসামির ৪ দিনের রিমান্ড

সিকেডি হাসপাতালে চাঁদাদাবি, ৪ আসামির ৪ দিনের রিমান্ড

আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদাদাবির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মঈন উদ্দিন মঈনের চার সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ড চাওয়া আসামিরা হলেন- মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

এদিন তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ।রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।শুনানি শেষে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য চাঁদা দাবির ঘটনায় গত ১১ এপ্রিল  মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করে মামলা দায়ের করেন সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ।

মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছে। দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে তার বাসার সামনে এসে দরজা খুলতে বলে। তার স্ত্রী দরজা খুলে দিলে মঈন তাকে বলে, চাঁদা বাবদ এখনই তাদের ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে বাদীসহ তার স্ত্রীর বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উচ্ছৃঙ্খল আচরণ করে।

এ সময় তিনি বাসার অন্য একটি রুমে অবস্থান করেন এবং পরিস্থিতির অবনতি আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত তার ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) বাসায় আসতে ফোন করেন।  একপর্যায়ে তারা প্রায় ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে হুমকিসূচক স্লোগান ও অকথ্য ভাষায় গালাগালি করে। 

একপর্যায়ে তারা মেডিক্যালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় প্রধান আসামি মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS