কাঁধের চোটে পিএসএল শেষ, লাহোর ছেড়ে দেশে ফিরছেন ইমন

কাঁধের চোটে পিএসএল শেষ, লাহোর ছেড়ে দেশে ফিরছেন ইমন

পাকিস্তান সুপার লিগে দারুণ সূচনা করেও মাঝপথেই থেমে গেল পারভেজ হোসেন ইমনের পথচলা। কাঁধের গুরুতর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই তরুণ ওপেনার।

বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স জানিয়েছে, ইমনকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বদলি শিগগিরই ঘোষণা করা হবে।

গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লাগে ইমনের।সেই ঘটনাতেই চোট পান তিনি। পরবর্তীতে এমআরআই রিপোর্টে তার কাঁধের লিগামেন্টে ছেঁড়া ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে ইমনকে কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে আগেভাগেই টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও মাঠে নামেননি এই বাঁহাতি ব্যাটার। এরপর তার শারীরিক অবস্থা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় লাহোর।

যদিও সময়টা ছিল সংক্ষিপ্ত। তবুও পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে সক্ষম হন ইমন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন তিনি। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসটি ছিল চোখে পড়ার মতো, যেখানে তিনি হাঁকান ৫টি ছক্কা। লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফেরার কথা রয়েছে ইমনের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS