ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে ইরান ‘ভয়াবহভাবে হারছে’।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে ইরানের দীর্ঘদিনের শীর্ষ নেতাদের মৃত্যুর বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মাঝে নেই। এর সঙ্গে তিনি ব্যঙ্গাত্মকভাবে ‘আল্লাহর প্রশংসা’ কথাটি যোগ করেন।
তিনি ওই পোস্টে সেই সব সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিরোধিতা করেছেন, যেখানে দাবি করা হচ্ছে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে।
ট্রাম্প লিখেছেন, প্রকৃতপক্ষে সবাই জানে তারা হারছে এবং ভয়াবহভাবে হারছে।তিনি আরও দাবি করেন, ইরানের আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা বিমান বিধ্বংসী ব্যবস্থা অবশিষ্ট নেই।
হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র
ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের এখন একমাত্র অবশিষ্ট ‘হুমকি’ হলো ‘সামুদ্রিক মাইন’।তার দাবি, ইরানি নৌযানগুলো হরমুজ প্রণালীতে এই মাইনগুলো ছড়িয়ে রেখেছে।
ট্রাম্প বলেন, আমরা এখন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরও অনেক দেশসহ সারা বিশ্বের দেশগুলোর প্রতি সদয় হয়ে হরমুজ প্রণালী সচল করার প্রক্রিয়া শুরু করছি। কারণ দেশগুলোর এই কাজগুলো নিজেরা করার মতো ‘সাহস বা ইচ্ছা’ নেই।