লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি মানবে না ইরান

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি মানবে না ইরান

ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা চালিয়ে যেতে থাকে তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্তভাবে আলোচিত যুদ্ধবিরতি থেকে সরে যেতে পারে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি বুধবার (৮ এপ্রিল) এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, যদি জাওনিস্ট শাসকগোষ্ঠী লেবাননের ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, ইরানও চুক্তি থেকে সরে যাবে।

সূত্রটি আরও জানিয়েছে, তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এটিকে ‘ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘন’ হিসেবে দেখছে, যা মূলত লেবাননের ওপর হামলার সঙ্গে যুক্ত।

যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, বুধবার সকাল থেকে ইসরায়েল লেবাননে সেই শর্তের ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে এবং একাধিক এলাকায় ‘নির্মম হামলা’ চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেক্কা উপত্যকা ও দক্ষিণ লেবাননের শতাধিক স্থানে সমন্বিত হামলা চালিয়েছে। এটি লেবাননে চলমান সাম্প্রতিক অভিযানের ‘সবচেয়ে বড় সমন্বিত হামলা’ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২ মার্চ হিজবুল্লাহর হামলার পর থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫৩০ জন নিহত এবং ৪৮১২ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS